পোশাক শিল্পে অস্থিরতা: শ্রমিক অসন্তোষের সুযোগ যেন অন্য কেউ না নেয়
- আপডেট সময় : ১০:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প আজ বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধির আন্দোলন, উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় দেশের রপ্তানিমুখী এই শিল্পে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন কি কোনো স্বার্থান্বেষী মহলের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হচ্ছে?
ঘটনার সূত্রপাত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে । শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামেন। জীবনযাত্রার ব্যয়, বাসাভাড়া, খাদ্য ও চিকিৎসার খরচ বিবেচনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অযৌক্তিক নয়। বরং শ্রমিকদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা মালিক ও রাষ্ট্র—উভয়ের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ও মালিক পক্ষ সম্মত এবং সরকার ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে আলোচনার প্রাতিষ্ঠানিক পথ তৈরি করার পরও আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন এলাকায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়া পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে
এখানেই প্রশ্ন, মজুরি নির্ধারণের জন্য যখন একটি বোর্ড কাজ করছে, তখন কার স্বার্থে উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? শ্রমিকদের আন্দোলনের ভেতরে কোনো তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে পরিস্থিতি উসকে দিচ্ছে কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। কারণ ন্যায্য দাবির আন্দোলন এবং সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন বন্ধের অপচেষ্টা এক বিষয় নয়।
এখানে রাজনৈতিক বাস্তবতাকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কেননা আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুনভাবে বিন্যস্ত হয়েছে। বিএনপি সরকারকে অস্থিতিশীল করে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার চেষ্টা কোনো মহল করছে কি না, সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া অস্বাভাবিক নয় এবং অনেক ক্ষেত্রে প্রমাণিত। একইভাবে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হলে আঞ্চলিক প্রতিযোগিতায় কারা সুবিধা পেতে পারে, সেটিও বিবেচনার বিষয়। বিশেষ করে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগী হিসেবে ভারতের অবস্থান রয়েছে। আমরা অনুধাবণ করতে পারছি এবং লোকে মুখে গুঞ্জন ছড়িয়েছে যে, ভারত বা আওয়ামী লীগের প্রত্যক্ষ ইন্ধনে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আমি মনে করি- আবেগ নয়, গোয়েন্দা তথ্য ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতেই প্রকৃত চিত্র সবার সামনে উন্মোচিত হওয়া উচিৎ।
১৪ নভেম্বরের পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ৫৫টি কারখানা ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের পক্ষ থেকে বিজিএমইএ সভাপতি ঘোষণা করেছেন – ১৪৭ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিষয়টি কেবল মালিক-শ্রমিক বিরোধ নয়; এটি জাতীয় অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা।
মনে রাখতে হবে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এ খাত থেকে আসে। এই শিল্পের উৎপাদন ও রপ্তানি ব্যাহত হলে বৈদেশিক মুদ্রার আয় কমবে, কর্মসংস্থান সংকুচিত হবে, বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হবে এবং আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প বাজার খুঁজতে পারেন। এর সুযোগ নিতে পারে প্রতিযোগী দেশগুলো।
তাই শ্রমিক ভাইদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকুন, কিন্তু কোনো উসকানিতে পা দেবেন না। ভাঙচুর, সড়ক অবরোধ কিংবা উৎপাদন বন্ধের মাধ্যমে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন আপনাদের পরিবার। অন্যদিকে মালিকপক্ষকেও মনে রাখতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত না করে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।
সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে জরুরি ত্রিপক্ষীয় সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। একই সঙ্গে আন্দোলনে সহিংসতা, উসকানি কিংবা নাশকতার প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, কারখানার নিরাপত্তা এবং কর্মসংস্থান—তিনটিই নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে, পোশাকশিল্প কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর সম্পদ নয়; এটি বাংলাদেশের জাতীয় সম্পদ। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, লাখো পরিবারের জীবিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি। গার্মেন্টস বাঁচলে বাঁচবে শ্রমিক, বাঁচবে কর্মসংস্থান ও বাংলাদেশের অর্থনীতি।
লেখক: মো. মাসুদ রানা, এমফিল গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।






















