বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন
- আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৫৫ বার পড়া হয়েছে
‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘শুয়া চান পাখি’, ‘আমি একটা জিন্দা লাশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী, গীতিকার ও প্রখ্যাত বাঁশিবাদক প্রয়াত বারী সিদ্দিকী জন্মগ্রহণ করেন ১৯৫৪ সালের ১৫ নভেম্বর। তাঁর ৭২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য স্মরণ অনুষ্ঠান।
আগামী ১৮ নভেম্বর বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।
বারী সিদ্দিকী তাঁর দরদভরা কণ্ঠ, অসাধারণ বাঁশিবাদন ও লোকসংগীতের স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর সংগীতজীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এ আয়োজনের মূল উদ্দেশ্য। এমনটি জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের। উদ্বোধন করবেন সমাজসেবক ও সংগীতানুরাগী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান।
স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা পর্বের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, পথিক নবী, নোলক বাবু, সালমা, বিউটিসহ দেশের জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান। প্রয়াত এই শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর সংগীতকীর্তি তুলে ধরতে গণমাধ্যমকর্মীসহ সংগীতপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন স্মৃতি পরিষদের সভাপতি প্রিন্স আলমগীর।


















